রোনালদো–মদ্রিচের শেষ বিশ্বকাপ দ্বৈরথ, কোয়ার্টার ফাইনালের টিকিট কার?

অনলাইন ডেস্ক :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হওয়া এই নকআউট লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে, আর হেরে যাওয়া দলের শেষ হবে বিশ্বকাপ মিশন।

ম্যাচটিকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দুই কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। একসময় রিয়াল মাদ্রিদের জার্সিতে একসঙ্গে দাপিয়ে বেড়ানো এই দুই তারকার জন্য এটি হতে পারে বিশ্বকাপের শেষ আসর। তাই ব্যক্তিগত গৌরবের পাশাপাশি দলের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইটিও তাদের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।

গ্রুপ পর্বে ‘কে’ গ্রুপ থেকে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে ওঠে পর্তুগাল। অন্যদিকে ‘এল’ গ্রুপে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় দল হিসেবে নকআউট নিশ্চিত করে ক্রোয়েশিয়া।

পরিসংখ্যানের বিচারে কিছুটা এগিয়ে রয়েছে পর্তুগাল। সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে পর্তুগালের অবস্থান অষ্টম, আর ক্রোয়েশিয়া রয়েছে ১৩ নম্বরে। মুখোমুখি লড়াইয়েও আধিপত্য রোনালদোদের। দুই দলের ১০ দেখায় সাতটিতে জয় পেয়েছে পর্তুগাল, ক্রোয়েশিয়ার জয় মাত্র একবার। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে উয়েফা নেশন্স লিগে দুই দল ১-১ গোলে সমতায় শেষ করেছিল।

ম্যাচের আগে প্রযুক্তিনির্ভর পূর্বাভাসেও এগিয়ে রাখা হয়েছে পর্তুগালকে। ডাটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘অপ্টা’র সুপার কম্পিউটারের হিসাব বলছে, নির্ধারিত ৯০ মিনিটে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬.৭ শতাংশ। ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা ১৯.৬ শতাংশ, আর একই হারে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাও দেখানো হয়েছে, যা অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়াতে পারে।

তবে নকআউট ফুটবলে পরিসংখ্যানের চেয়ে বড় হয়ে ওঠে মাঠের লড়াই। স্নায়ুচাপ সামলে যে দল নিজেদের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারবে, তারাই নিশ্চিত করবে শেষ আটের টিকিট। ফলে রোনালদো-মদ্রিচের এই মহারণে চোখ থাকবে গোটা ফুটবল বিশ্বের।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত