বরিশালে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইএসডিআই ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’। এ উপলক্ষে মঙ্গলবার বরিশাল শিল্পকলা একাডেমিতে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উৎসব সফলভাবে আয়োজনের লক্ষ্যে ৩১ সদস্যবিশিষ্ট একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ১৮, ১৯ ও ২০ জুলাই ২০২৬—তিন দিনব্যাপী বরিশাল শিল্পকলা একাডেমিতে ‘ইএসডিআই ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা বলেন, বরিশালে চলচ্চিত্র ও সংস্কৃতিচর্চাকে আরও গতিশীল করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে স্থানীয় নির্মাতা, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
ফেস্টিভ্যাল সফলভাবে আয়োজনের বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনায় বক্তব্য দেন বরিশাল জেলা জাসাসের আহ্বায়ক সাব্বির নেওয়াজ সাগর, এটিএন এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ও নৃত্যশিল্পী রোকসানা আখতার রিনি, ইএসডিআই-এর সেক্রেটারি জসীমউদ্দীন ইমন, এটিএন মিডিয়া কমিউনিকেশনের সিইও এবং বাংলাদেশ কালচারাল সেন্টারের প্রধান সমন্বয়ক সাজেদুর রহমান মুনিম, বরিশাল সাংস্কৃতিক পরিষদের সভাপতি বাসুদেব ঘোষ, বরিশাল থিয়েটারের সভাপতি শুভংকর চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিন্টু কুমার কর ও আজিজ শাহিনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, ‘ইএসডিআই ফিল্ম সোসাইটি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’ উদযাপন উপলক্ষে গঠিত বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জসীম উদ্দিন ইমন। সদস্য সচিব করা হয়েছে উৎসব বাস্তবায়ন কমিটির মো. জহিরুল ইসলামকে। তিনি ইএসডিআই ফিল্মস সোসাইটির সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, তিন দিনব্যাপী এ ফিল্ম ফেস্টিভ্যাল বরিশালের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং চলচ্চিত্রপ্রেমীদের জন্য হয়ে উঠবে এক মিলনমেলা।