স্বল্প লক্ষ্য, ভালো শুরু, এরপর একের পর এক উইকেট পতনে ভেঙে পড়ল বাংলাদেশের স্বপ্ন। ভারত ম্যাচে ১৬৯ রানের সহজ লক্ষ্য পেয়ে জয়টা খুব কঠিন হওয়ার কথা ছিল না। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ৪১ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। এই হারে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত।
তানজিদ তামিমকে হারিয়ে দ্বিতীয় ওভারে ধাক্কা খেলেও সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে পাওয়ার প্লেতে বাংলাদেশ পায় ৪৪ রান। তবে সেখান থেকে ৪১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। ইমন ১৯ বলে ২১ রান করে আউট হন কুলদীপ যাদবের বলে। তাওহীদ হৃদয় ১০ বল খেলে করেন মাত্র ৭, অক্ষর প্যাটেলের শিকার হয়ে ফেরেন সাজঘরে।
প্রমোশন পেয়ে ব্যাট করতে নামা শামিম হোসেন ব্যর্থ হয়েছেন। খেলেন মাত্র ৩ বল, কোনো রান না করেই বোল্ড হন বরুণ চক্রবর্তীর বলে। উইকেট পড়তে থাকলেও একপ্রান্ত ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন সাইফ হাসান। জাকের আলী রানআউট হওয়ার পর তিনিই হয়ে উঠেছিলেন বাংলাদেশের শেষ ভরসা। তিন ছয় ও চার চারে ৩৬ বলে পূর্ণ করেন হাফসেঞ্চুরি।
সাইফউদ্দিন ৭ বলে ৪ রান করে ফেরেন। ১৭তম ওভারে কুলদীপ যাদব ফিরিয়ে দেন রিশাদ ও তানজিম সাকিবকে। তিনবার জীবন পাওয়া সাইফ হাসান শেষ পর্যন্ত বুমরাহর বলে অক্ষরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৬৯ রানে। তখনই শেষ হয়ে যায় বাংলাদেশের সব আশা।
শেষ ১৬ বলে প্রয়োজন ছিল ৫৩ রান। যা একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়। আগেই নিয়ন্ত্রিত বোলিং করে ভারত সুবিধাজনক অবস্থানে ছিল। ফিল্ডিংয়েও তারা ছিল কড়াকড়ি। শেষ পর্যন্ত ১২৮ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
ফাইনালের পথে ভারত এগিয়ে গেল এক ধাপ, আর বাংলাদেশকে ফিরতে হলো হতাশা নিয়ে।