চমক রেখেই আর্জেন্টিনার দল ঘোষণা, তিন নতুন মুখ স্কোয়াডে

অনলাইন ডেস্ক
চমক রেখেই মেসির আর্জেন্টিনার দল ঘোষণা ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত
চমক রেখেই মেসির আর্জেন্টিনার দল ঘোষণা ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে অক্টোবর ফিফা উইন্ডোতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াডে দেখা গেছে একাধিক চমক।

বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি দলের দায়িত্বে থেকেই ডেকেছেন তিন নতুন মুখকে। জাতীয় দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস, ডিফেন্ডার লাউতারো রিভেরো এবং মিডফিল্ডার অ্যানিবাল মোরেনো।

রেসিং ক্লাবের হয়ে খেলা ২৬ বছর বয়সী ক্যামবেসেস এই প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার সুযোগ পেলেন। তার মতো রিভার প্লেটের উদীয়মান রাইট-ব্যাক লাউতারো রিভেরোও প্রথমবার সুযোগ পেলেন। আর ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে আলো ছড়ানো মিডফিল্ডার অ্যানিবাল মোরেনো আর্জেন্টিনার মিডফিল্ডে নতুন মাত্রা যোগ করতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন এনজো ফার্নান্দেজ ও মার্কোস সেনেসি। চেলসির মিডফিল্ডার এনজো নিষেধাজ্ঞা শেষে ফিরলেন, আর বোর্নমাউথ ডিফেন্ডার সেনেসি ২০২২ সালের পর আবার ডাক পেলেন জাতীয় দলে।

একবার ডাক পেলেও মাঠে নামার সুযোগ না পাওয়া পালমেইরাস ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজ এবারও স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।


আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, হেরোনিমো রুল্লি, ওয়ালটার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস।
ডিফেন্ডার: গনসালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লেওনার্দো বালর্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: লেওন্দ্রো পারেদেস, অ্যানিবাল মোরেনো, রোদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, জিওভানি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গনসালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, লিওনেল মেসি, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ।

এলাকার খবর

সম্পর্কিত