টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার অবশেষে হাতে পেলেন সাইফ হাসান। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন এই ডানহাতি ব্যাটার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার (৪ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় সিরিজের দল ঘোষণা করে। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে—৮, ১১ ও ১৪ অক্টোবর।
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজের তুলনায় দলে এসেছে দুটি পরিবর্তন। ইনজুরির কারণে ছিটকে গেছেন লিটন দাস এবং বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তাদের জায়গায় দলে ঢুকেছেন মোহাম্মদ সাইফ হাসান ও উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক।
টি-টোয়েন্টি এশিয়া কাপে নজর কাড়া পারফরম্যান্সের পর সাইফের ওয়ানডে দলে অন্তর্ভুক্তি বিসিবির দৃষ্টিতে স্বাভাবিক। বোর্ডের দাবি, সাইফের অন্তর্ভুক্তিতে ব্যাটিং লাইনআপে বাড়বে গভীরতা ও বিকল্প।
এদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ পাঁচ ক্রিকেটার—নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভির ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব আজ রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বেন। তবে ভিসা জটিলতার কারণে এখনও দলে যোগ দিতে পারেননি মোহাম্মদ নাইম শেখ ও সৌম্য সরকার। বিসিবি জানিয়েছে, দ্রুতই এই সমস্যার সমাধান হবে।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা।