নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ

অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশলগত কর্মকর্তা ইমরান খান সাক্ষাৎ করেন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশলগত কর্মকর্তা ইমরান খান সাক্ষাৎ করেন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশলগত কর্মকর্তা (সিএসও) ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ইমরান খান।
স্থানীয় সময় শনিবার নিউইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে প্রযুক্তিনির্ভর খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়।

ইমরান খান বলেন, ‘দারিদ্র্য দূরীকরণে অধ্যাপক ইউনূসের আজীবন সংগ্রাম আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এখনই মাতৃভূমিতে বিনিয়োগের উপযুক্ত সময়।’

অধ্যাপক ইউনূস এ সময় ফিনটেক, স্বাস্থ্যসেবা ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণদের জন্য ইমরান খানের মতো রোল মডেল প্রয়োজন।’

উল্লেখ্য, ইমরান খান ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে যান। জেপি মরগান ও ক্রেডিট সুইসে বিনিয়োগ ব্যাংকার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে আলিবাবার ইতিহাস গড়া আইপিও-তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

স্ন্যাপচ্যাটের সিএসও হিসেবে মাত্র কয়েক মাসেই কোম্পানির বাজারমূল্য শূন্য থেকে পৌঁছে দেন ৭২৮ মিলিয়ন মার্কিন ডলারে।

বর্তমানে তিনি আলেফ হোল্ডিং-এর বোর্ড চেয়ারম্যান এবং নিজস্ব বিনিয়োগ প্রতিষ্ঠান প্রাইম অ্যাসেটের মাধ্যমে ফিনটেক ও ডিজিটাল অবকাঠামোতে বিনিয়োগ করছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ফ্রন্টিয়ার মার্কেট। বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে, প্রবৃদ্ধির সম্ভাবনা বিপুল।’

সাক্ষাৎকালে ইউনূস যুক্তরাষ্ট্রের শীর্ষ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান, তাঁরা যেন তাঁদের মোট বিনিয়োগের ১ শতাংশ সামাজিক ব্যবসায় ব্যয় করেন অথবা একটি যৌথ সামাজিক ব্যবসা তহবিল গঠনে অংশগ্রহণ করেন।

ইমরান খান এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করে ভবিষ্যতে যুক্ত থাকার প্রতিশ্রুতি দেন।

এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত