গোপনে বাগদান সারলেন রাশ্মিকা ও বিজয়, বিয়ে ফেব্রুয়ারিতে!

বিনোদন ডেস্ক :
 ছবি: (ফাইল )
ছবি: (ফাইল )

দীর্ঘদিনের জল্পনার অবসান হলো। দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা অবশেষে বাগদান সেরে ফেললেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এক ঘরোয়া অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

যদিও এখনও রাশ্মিকা কিংবা বিজয়—কেউই প্রকাশ্যে বাগদান বা বিয়ের ঘোষণা দেননি। তবে তাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সব আনুষ্ঠানিকতা শেষ। আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা যুগল।

সম্প্রতি বিজয় দেবেরাকোন্ডা নিজের সোশ্যাল মিডিয়ায় শেরওয়ানি পরা একটি ছবি শেয়ার করেন। একই সময়ে রাশ্মিকাও শাড়ি পরা একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে তিলকসহ দেখা যায়। অনুরাগীদের চোখে এই ছবি যেন বাগদানের আভাসই দিয়ে দেয়।

বৃহস্পতিবার দশেরা উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান রাশ্মিকা। ঐতিহ্যবাহী পোশাকে তার উপস্থিতি আরও একবার অনুরাগীদের মনে প্রশ্ন তোলে—এই কি তবে নতুন জীবনের শুরু?

রাশ্মিকার পরবর্তী ছবি ‘থামা’-র ট্রেলার ও গান ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে। পোস্টে রাশ্মিকা জানিয়েছেন, খুব শিগগিরই ছবির প্রচারে অংশ নেবেন এবং অনুরাগীদের সঙ্গে সরাসরি দেখা করবেন।

দক্ষিণ ভারত থেকে উঠে এসে এখন বলিউড মাতাচ্ছেন ‘এক্সপ্রেশন ক্যুইন’ খ্যাত এই অভিনেত্রী। ‘ডিয়ার কমরেড’, ‘পুষ্পা’ ও ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিতে দারুণ অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন রাশ্মিকা। ‘ডিয়ার কমরেড’-এর মাধ্যমেই বিজয়ের সঙ্গে পর্দায় জুটি বাঁধেন রাশ্মিকা। সেখান থেকেই শুরু, এবার সেই সম্পর্কই পেতে যাচ্ছে নতুন রূপ—জীবনসঙ্গী হিসেবে।

এলাকার খবর

সম্পর্কিত