তরুণ আর্কিটেক্ট ও ইন্টেরিয়র ডিজাইনারদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ করে দিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আইডা অ্যাওয়ার্ড ২০২৫: রোড টু হার্ভার্ড শীর্ষক বিশেষ আয়োজন।
প্রতিবছরের মতো এবারও নিপ্পন পেইন্টসের সৌজন্যে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেন।
অনুষ্ঠানে সারাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়সমূহ থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী তাদের আর্কিটেকচার ও ইন্টেরিয়র ডিজাইনভিত্তিক প্রকল্প উপস্থাপন করেন। প্রতিযোগিতায় গোল্ডেন ও সিলভার—এই দুই ক্যাটাগরিতে একজন করে সেরা আর্কিটেক্ট ও সেরা ইন্টেরিয়র ডিজাইনার নির্বাচিত করা হয়।
এবারের আয়োজনে জুরি বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা আর্কিটেক্ট ও ডিজাইন বিশেষজ্ঞ বায়জিদ মাহবুব খন্দকার, মু. জাকিউল ইসলাম, নুরুর রহমান খান এবং তানিয়া তাজনিন খানসহ আরও বিশিষ্টজন। তারা শিক্ষার্থীদের প্রকল্প মূল্যায়ন করেন সৃজনশীলতা, ব্যবহারিক দিক ও আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো তরুণ ডিজাইনারদের বৈশ্বিক পরিসরে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়া এবং ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে সহায়তা করা। অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও এমন আয়োজনকে নিজেদের দক্ষতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।