গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে দেশের রাজনৈতিক অঙ্গন। জনগণের দেওয়া রায় উপেক্ষার অভিযোগ তুলে আন্দোলনের পথে হাঁটার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের অবস্থানে তারা ‘আশাহত, মর্মাহত ও বিস্মিত’। তার ভাষায়, “গণভোটের মাধ্যমে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে, তা অগ্রাহ্য করা হয়েছে—এটা শুধু রাজনৈতিক নয়, জনগণের প্রতি অসম্মান।”
সংসদে ‘জুলাই সনদ আদেশ’ এবং বিরোধীদলীয় নেতাকে ‘মিসকোড’ করার ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। এর প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধীদল। ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের সম্মান রক্ষার জন্যই আমরা সংসদ থেকে বেরিয়ে এসেছি।”
তিনি দাবি করেন, গণভোটের বিষয়ে শুরুতে সরকারি দল ও বিরোধীদল একমত থাকলেও পরে সেই অবস্থান থেকে সরে আসে সরকার। এতে জনগণের চূড়ান্ত অভিপ্রায় লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ তার। গণভোটের রায় বাস্তবায়নে এবার রাজপথেই লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি।
“সংসদে আমরা পারিনি, তাই জনগণের কাছেই ফিরে যাবো। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করতে হবে,”—বলেছেন তিনি। তিনি আরও জানান, শুধু সংসদ নয়—রাজপথেও সক্রিয় থাকবে বিরোধীদলীয় জোটের ১১টি দল। শিগগিরই যৌথভাবে বৈঠক করে কর্মসূচি ঘোষণা করা হবে। সব মিলিয়ে, গণভোট ইস্যুকে ঘিরে নতুন করে রাজনৈতিক মেরুকরণ এবং আন্দোলনের ইঙ্গিত—দেশের রাজনীতিতে আরেক দফা অস্থিরতার পূর্বাভাস দিচ্ছে।