বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পৃথক পৃথক সময়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারত, ইউরোপীয় ইউনিয়ন ও পাকিস্তানের কূটনৈতিক প্রতিনিধিরা।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে দ্বিপক্ষীয় আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।
এর আগে একই দিনে বিকেলে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস। প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে বিকেল চারটার কিছু আগে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল বিএনপি কার্যালয় ত্যাগ করে।
এদিকে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে চলা এ বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।
বিএনপি সূত্র জানায়, এসব সাক্ষাতে কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।