জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই খুলবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই সেটি খুলে প্রবেশ করবে।

বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই হত্যাকাণ্ডের মামলার তদন্ত ও বিচারকাজ প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। তিনি বলেন, বিচার প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আদালতের রায় কার্যকরেরও দাবি জানান তিনি।

তিনি বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না; এর মূল লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী ঘনিয়ে এলেও সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করবে।

এ সময় ১৪ দলীয় নেতা হাসানুল হক ইনুর প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে পরিচিত ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়। তিনি জানান, আপিলের মাধ্যমে ইনুর আরও কঠোর শাস্তি নিশ্চিত হবে বলে তাদের প্রত্যাশা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত