ড্রোন আটকাতে ব্যর্থ সেনাবাহিনী, কেঁপে উঠলো ইসরায়েলের ইলাত—আহত ২০

অনলাইন ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে হুতিদের ছোড়া ড্রোন হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির অ্যাম্বুল্যান্স সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ)।

আহতদের মধ্যে দুজন ষাটোর্ধ্ব পুরুষের অবস্থা আশঙ্কাজনক। আরও একজন মাঝারি মাত্রায় এবং ১৭ জন সামান্য আহত হয়েছেন। বেশিরভাগ আহতের শরীরে শেল বা খণ্ডবিস্ফোরকের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে এমডিএ। কিছু আহতকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ড্রোনটি ইলাত শহরের একটি জনবহুল বাজার এলাকায় আঘাত হানে। বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে এবং মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে থাকে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হামলার পরপরই ঘটনাস্থলে ব্যাপক নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) হামলার দায় স্বীকার করেছে হুতিদের ওপর। তারা জানায়, ইয়েমেন থেকে ছোড়া ড্রোনটি আটকাতে ব্যর্থ হয় আইডিএফ।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “ড্রোনটি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইলাতে প্রবেশ করে এবং আঘাত হানে। হামলার উৎস ছিল ইয়েমেন।”

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইলাত শহরকে আগেও লক্ষ্যবস্তু করেছে। গত সপ্তাহেও হুতিদের ছোড়া একটি ড্রোন ইলাতের একটি হোটেলে বিস্ফোরণ ঘটায়, তবে তখন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এই ধরনের হামলা নতুন উদ্বেগ তৈরি করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।

এলাকার খবর

সম্পর্কিত