ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে সন্দেহভাজন হামলাকারীদের পালানোর নতুন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ফুটেজে গুলিবর্ষণের পর দুই হেলমেটধারী ব্যক্তিকে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে।
প্রকাশিত প্রায় ৪৯ সেকেন্ডের সিসিটিভি ক্লিপে সময় দেখানো হয়েছে রাত আনুমানিক ১০টা ১০ মিনিট, যা হত্যাকাণ্ডের সময়ের খুব কাছাকাছি বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্টরা। বুধবার রাতে মধ্যমগ্রাম এলাকায় নিজ বাড়ির কাছে গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ রথ।
তদন্তকারীদের ধারণা, ফুটেজে দেখা মোটরসাইকেল আরোহীরাই হামলায় জড়িত থাকতে পারে। ভিডিও বিশ্লেষণ করে তাদের পালানোর পথ ও সম্ভাব্য সহযোগীদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে আরেকটি সিসিটিভি ফুটেজে রথের সাদা রঙের স্করপিও গাড়িকে একটি সরু গলিতে ঢুকতে দেখা যায়। এরপরই তার বাড়ির কাছাকাছি গুলি চালানোর ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে দোলতলা ও মধ্যমগ্রাম চৌমাথার মাঝামাঝি ডোহারিয়া এলাকায় আগে থেকেই একটি ছোট চারচাকার গাড়ি দিয়ে রথের গাড়ির গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা খুব কাছ থেকে গুলি চালায়।
গুলিবিদ্ধ অবস্থায় চন্দ্রনাথ রথকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার গাড়িচালকও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গাড়িটির নম্বরপ্লেট ভুয়া ছিল এবং চ্যাসিস ও ইঞ্জিন নম্বর মুছে ফেলা হয়েছিল বলে জানিয়েছে তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে গুলি, খালি কার্তুজ ও বুলেট শেল উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পরিকল্পিতভাবে পেশাদার শুটার বা ভাড়াটে খুনি ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। ঘটনার তদন্তে সিআইডিসহ একাধিক বিশেষ তদন্তকারী দল কাজ করছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া