লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ৩

অনলাইন ডেস্ক :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি একজন সিরীয় নাগরিক বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে সোমবার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে নিহত বাংলাদেশিদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে এ হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে, গতকাল রোববার ইসরায়েলি বাহিনী ড্রোন হামলাটি পরিচালনা করে।

যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও দক্ষিণ লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে বেসামরিক হতাহতের ঘটনাও বাড়ছে।

এদিকে ইসরায়েলি হামলার জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। সোমবারও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে গোষ্ঠীটি।

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে সেই সমঝোতা উপেক্ষা করে ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে হিজবুল্লাহর সদস্যদেরও টার্গেট করা হচ্ছে। এর জবাবে পাল্টা আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহ।

সূত্র: লরিয়েন্ট টুডে

এলাকার খবর

সম্পর্কিত