হরমুজে ফের উত্তেজনা, ইরান-যুক্তরাষ্ট্রের সংঘর্ষের দাবি

আন্তর্জাতিক ডেস্ক :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি, যুদ্ধবিরতি চলাকালেও গতকাল রাতে হামলা-পাল্টা হামলার পর শুক্রবার ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে জানিয়েছে, গত এক ঘণ্টা ধরে হরমুজ প্রণালিতে ইরানের সশস্ত্র বাহিনী ও মার্কিন যুদ্ধজাহাজগুলোর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালিতে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়। ইরানি সূত্রের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। এ ঘটনায় নিখোঁজ হওয়া পাঁচ নাবিকের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইরানের মিনাব কাউন্টির গভর্নর মোহাম্মদ রাদমেহের বার্তা সংস্থা মেহের নিউজকে বলেন, উদ্ধারকারীরা নিখোঁজ নাবিকদের মধ্যে একজনের মরদেহ খুঁজে পেয়েছেন। বাকি চারজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১০ জন নাবিক আহত হয়েছেন। একই সময়ে হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত ইরানের সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানিয়েছে মেহের নিউজ।

অন্যদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করা ইরানের কয়েকটি খালি ট্যাংকারে শুক্রবার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজের এক সাংবাদিকের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের একাধিক খালি ট্যাংকার লক্ষ্য করে এ হামলা পরিচালনা করা হয়।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

এলাকার খবর

সম্পর্কিত