হরমুজে জাহাজ চলাচলে ইরানের অনুমতি চাইছে ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি পেতে এবার ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউরোপীয় দেশগুলো। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পূর্ব এশিয়ার দেশ—বিশেষ করে চীন, জাপান ও পাকিস্তান—ইতোমধ্যে এই জলপথ ব্যবহার করে জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। এরপর ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরাও ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তবে কোন কোন দেশ এই আলোচনায় রয়েছে, তা প্রকাশ করা হয়নি।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালীতে নৌ চলাচল কার্যত সীমিত করে দেয় ইরান। পরে গত ৮ এপ্রিল থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (LNG) প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবহন করা হয়। ফলে জলপথটির ওপর ইরানের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে তেহরান ভূরাজনৈতিকভাবে বাড়তি কৌশলগত সুবিধা পাচ্ছে। অন্যদিকে ইরানের বিভিন্ন বন্দরে এখনও নিজস্ব নৌ অবরোধ বজায় রেখেছে যুক্তরাষ্ট্র।

ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা ‘গার্ডস’ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইরানের প্রণালী ব্যবস্থাপনা প্রোটোকল’ সংক্রান্ত চুক্তির আওতায় সাম্প্রতিক সময়ে চীনসহ কয়েকটি দেশের কয়েক ডজন জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে শুরু থেকেই ইরান স্পষ্ট জানিয়ে আসছে, হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচল আর কখনোই যুদ্ধ-পূর্ব পরিস্থিতিতে ফিরবে না। গত মাস থেকে এই জলপথ ব্যবহারে আরোপিত টোল বা ফি থেকেও প্রথমবারের মতো রাজস্ব আদায় শুরু করেছে দেশটি।

শনিবার ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি জানান, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আরও নিয়ন্ত্রিত ও সুনির্দিষ্টভাবে পরিচালনার জন্য একটি বিশেষায়িত পেশাদার ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে, যা খুব শিগগিরই উন্মোচন করা হবে।

তিনি বলেন, নতুন এই ব্যবস্থার আওতায় শুধুমাত্র বাণিজ্যিক জাহাজ এবং ইরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা দেশ ও পক্ষগুলোই বিশেষ সুবিধা পাবে। একই সঙ্গে জলপথ ব্যবহারের বিভিন্ন পরিষেবার জন্য নির্ধারিত ফিও আদায় করা হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত